জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি দল পার্বতীপুর থানার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা সড়কে চালানো এ অভিযানে মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে সেগুলো তল্লাশি করা হয়।
এর মধ্যে একটি ব্যাগ থেকে ৫০ রাউন্ড এবং অপরটি থেকে ৪২ রাউন্ড—মোট ৯২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেল গুলি জব্দ করা হয়।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা আলামত জিডিমূলে দিনাজপুরের পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে র্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস