জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ এএম
বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে দুর্ঘটনাকবলিত ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের উদ্ধার হওয়া ১৪ জেলের পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা বাজারে জেলে পরিবারগুলোর হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ৪০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ এবং হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ ফরাজী ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউএনও অতীশ সরকার বলেন, উপকূলীয় এলাকার জেলেরা যেকোনো দুর্যোগ ও বিপদে পড়লে উপজেলা প্রশাসন দ্রুত সাড়া দিতে প্রস্তুত। দুর্ঘটনাকবলিত পরিবারগুলো যাতে খাদ্যসংকটে না পড়ে, সে জন্য তাৎক্ষণিকভাবে এ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রশাসন তাদের পাশে থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ডুবে যায়। পরে রাত ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় থাকা ১৪ জেলেকে অন্য জেলেরা জীবিত উদ্ধার করেন।
প্রতিনিধি/এসএস