জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক পুলিশ কর্মকর্তার বাড়ির দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।
বাড়ির মালিক তোতা মিয়া ব্যাপারী জানান, তার ছেলে মোহাম্মদ মতিউর রহমান (উজ্জ্বল) বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ছেলেকে দেখতে পরিবারের সদস্যরাও ঢাকায় অবস্থান করছিলেন। এ সুযোগে ফাঁকা বাড়িতে চোরেরা ঢুকে দরজা ভেঙে বসতঘরের মালামাল নিয়ে যায়।

তোতা মিয়া ব্যাপারীর দাবি, চুরির ঘটনায় তার পরিবারের প্রায় ৮ লাখ টাকার মালামাল খোয়া গেছে।
তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে একই এলাকায় প্রতিবেশী জাহাঙ্গীর মৃধার বাড়িতেও একইভাবে চুরি হয়। ওই ঘটনায় স্থানীয় সাগর নামে একজনকে আটক করা হয়েছিল। রফিক, মেহেদীসহ কয়েকজনের নামও উঠে আসে। পরে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছিল। আগের ওই ঘটনায় জড়িত কেউ তার বাড়িতে চুরি করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, সম্প্রতি ভাগ্যকুল ও মান্দ্রা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। পাশাপাশি অনেকে মাদক ও অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছেন। তাদের দাবি, এসব অপরাধ দমনে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/এসএস