Dhaka Mail Logo

সারাদেশ

ট্রাক ছিনতাইয়ে মুক্তিপণ দাবির অভিযোগে সহযোগীসহ গ্রেফতার ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ এএম

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ট্রাক ছিনতাই করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাহুবল উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল মহালদার ও তার সহযোগী বেলাল মিয়া।

পুলিশ জানায়, সিলেটের ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তি সরকারি নিলাম থেকে ভারতীয় চোরাচালানের ১৭১ বস্তা জিরা কিনে ট্রাকে করে ঢাকায় পাঠাচ্ছিলেন। শনিবার সকালে ট্রাকটি বাহুবলের তিতারকোনা এলাকায় পৌঁছালে হেলাল ও বেলাল ট্রাকটি আটক করেন।

পরে চালকসহ ট্রাকটি বেলালের ফিলিং স্টেশনের পেছনে নিয়ে লুকিয়ে রেখে মালিককে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে অভিযোগ।

জিরার মালিকপক্ষ বিষয়টি বাহুবল মডেল থানায় জানালে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও বেলালকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জিরার মালিক থানায় মামলার এজাহার জমা দিয়েছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

প্রতিনিধি/এএম