Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে জামায়াত নেতার হাতে দুই সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

জেলা প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

নড়াইল সদর উপজেলায় জামায়েত নেতা হাসিবুর মোল্যার ‘অবৈধ’ কারখানার সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিছালী ইউনিয়নের বর্ণির মোড়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হাসিবুর মোল্যা বিছালী ইউনিয়ন জামায়তের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি।

ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছিলেন হাসিবুর মোল্যা৷ সকালে ওই কারখানার সংবাদ সংগ্রহে যান সময় টেলিভিশনের প্রতিনিধি সজিব রহমান ও দৈনিক স্বাধীন দেশের রাসেল হোসাইন। এসময় কারখানা মালিক হাসিবুর নানাভাবে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। কিন্তু সাংবাদিকরা তার প্রস্তাব নাকচ করে দেন। 

পরে নড়াইল শহরে ফেরার পথে বর্ণির মোড় এলাকায় সাংবাদিকদের ঘিরে ধরে হাসিবুর ও তার লোকজন হেনস্থা ও মারধর করেছেন বলে অভিযোগ দুই সাংবাদিকের।

এসব অভিযোগের ব্যাপারে জানতে হাসিবুরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 

সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই সাংবাদিককে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ