জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি উদ্যোগে প্রস্তাবিত সোলার প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তার সঙ্গে ছিলেন চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধিদলের সদস্যরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ও বিদেশি প্রতিনিধিদলের সদস্যরা।
পরিদর্শনকালে প্রকল্পের সম্ভাবনা, বিদ্যুৎ উৎপাদন এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়ের এই অঞ্চলের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য অত্যন্ত উপযোগী। দ্রুত প্রকল্পগুলোর নির্মাণকাজ সম্পন্ন করা গেলে আগামী ডিসেম্বরের মধ্যেই কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, এসব সোলার প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ অঞ্চলের বিদ্যুৎ ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বেকারত্ব কমানো এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
দেশের বিদ্যুৎ খাত নিয়ে বিগত সরকারের নীতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির খেসারত দিতে গিয়ে বর্তমানে গ্রামের সাধারণ মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না।
বিদ্যুৎ সংকটের কারণে জনগণ যে দুর্ভোগ পোহাচ্ছেন, সে জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রস্তাবিত সোলার প্রকল্প এলাকা পরিদর্শনের সময় চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ