জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
ফরিদপুরে তিনটি কার্টনে ভরা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালীর রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ পৌঁছে কার্টনগুলো উদ্ধার করে। পরবর্তীতে সেগুলো খুলে এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, কার্টনবন্দি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/এলএ