জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে শহরের আইয়ুব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি গ্রামের আবুল মণ্ডলের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিরাজুল ইসলাম বাইসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। পথে বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস