জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম
সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েও গ্রেফতার এড়াতে পারেননি কুমিল্লার দেবীদ্বার উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য মো. আলম হাজারি (৪৫)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দেবীদ্বার থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়শালঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
আলম হাজারি বড়শালঘর গ্রামের আবুল হাসেম হাজারীর ছেলে। তিনি বড়শালঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দেন।
বড়শালঘর গ্রামের মো. মুকবল হাজারি বলেন, শেখ হাসিনার ‘সফল প্রত্যাবর্তন’, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজবন্দীর মুক্তির দাবিতে শুক্রবার বিকেল চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় বিক্ষোভ মিছিল করে আওয়ামী যুবলীগ। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত ওই মিছিলে নেতৃত্ব দেন যুবলীগ নেতা প্রকৌশলী গাজী রাসেল বিন ছালাম। তার দাবি, ওই মিছিলের দায় আলম হাজারীর ওপর চাপিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের অর্থ জোগানদাতা ছিলেন আলম হাজারি। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
দেবীদ্বারে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য মো. আলম হাজারী।
প্রতিনিধি/এসএস