জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ এএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্মকে উদ্দেশ্য করে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নীলফামারীর দেবাশীষ চন্দ্র রায় (২২) নামের এক যুবককে রংপুর থেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
আটক দেবাশীষ নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাবনকুড়ি এলাকার প্রদীপ রায়ের ছেলে। তিনি রংপুরের একটি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা পড়ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেবাশীষের দেওয়া একটি পোস্ট ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর তাকে রংপুর থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এদিকে, ওই পোস্টের প্রতিবাদ ও দেবাশীষের শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন স্থানীয় মুসলিম তাওহীদ জনতা। সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
দেবাশীষের বাবা প্রদীপ রায় বলেন, ‘এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার ছেলে যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে, তাহলে আমি চাই সে শাস্তি পাক। আর যদি সে অপরাধী না হয়, তাহলে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাই।’
ওসি জিল্লুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে দেবাশীষ রায়কে রংপুর থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস