Dhaka Mail Logo

সারাদেশ

পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিষপানের রোগী নিহত

জেলা প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ এএম

পটুয়াখালী কুয়াকাটা সড়কে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল (২১) নামে বিষপানে আহত এক রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ইউসুফ ও রুমা নামে দুজন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে পটুয়াখালীর পায়রা পেট্রোল পাম্প চত্তরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাকিল আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে।

শাকিলের মা হোসনেয়ারা বেগম জানান, শাকিল অভিমান করে বিষপান করায় তাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে তার মা, চাচিসহ মোট ছয়জন ছিলেন। পায়রা পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিল গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. জাকের হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, চিকিৎসার জন্য আমখোলা থেকে শাকিলকে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হলে তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ ও রুমা নামে দুজন আহত হয়েছেন।

প্রতিনিধি/এএইচ