জেলা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম
জয়পুরহাটের ক্ষেতলালে বিয়ের দাবিতে প্রেমিক সিয়ামের বাড়িতে অনশনে বসেছেন এক গৃহবধূ।
শুক্রবার সকাল থেকে উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ি পূর্বপাড়া গ্রামে প্রেমিক সিয়ামের বাড়িতে ওই গৃহবধূ অবস্থান শুরু করেন। এ ঘটনার পর থেকে বাড়িটিতে তালা ঝুলিয়ে দিয়ে প্রেমিক সিয়াম ও তার পরিবারের সদস্যরা গা-ঢাকা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ একই ইউনিয়নের মিনিগাড়ি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
গৃহবধূর দাবি, গত প্রায় দুই বছর ধরে তার সঙ্গে সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সিয়াম হিন্দা এলাকার বাসিন্দা, তবে মিনিগাড়ি গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন। বিয়ের আশ্বাস দিয়ে সিয়াম তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। সম্প্রতি সিয়াম অন্যত্র বিয়ে করার উদ্দেশে কনের বাড়িতে গেছেন— এমন খবর পেয়ে তিনি সিয়ামের নানার বাড়িতে এসে অনশনে বসেন।
অনশনরত গৃহবধূ বলেন, বিয়ের আশ্বাস দিয়ে সিয়াম আমার সঙ্গে সম্পর্ক করেছে। সে আমার ঘরেও যাতায়াত করত। সিয়াম আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমাকে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া অন্য কোনো পথ পাব না।
ঘটনাস্থলে দেখা যায়, তালাবদ্ধ ঘরের সামনে গৃহবধূ তার শিশু সন্তানকে নিয়ে বসে আছেন এবং তাকে ঘিরে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমিয়েছেন।
এদিকে ঘটনা জানাজানির পর থেকে প্রেমিক সিয়ামের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম জানান, বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা না হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ