জেলা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার ক্যাম্পাস সভাপতি আব্দুল মুত্তালিব মারা গেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকায় মারা যান তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান।
আরও পড়ুন
আব্দুল মুত্তালিব গোমস্তাপুর উপজেলার চৌডলা ইউনিয়নের বাসিন্দা মৃত জাফর আলীর ছেলে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ছাত্রশিবিরের সাথী পদে দায়িত্ব পালন করছিলেন।
ছাত্রশিবির নেতা আব্দুর রহমান জানান, কিছুদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন মুত্তালিব। এরপর তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রাজশাহী যাওয়ার পথেই গোদাগাড়ীতে তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, গত ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় তিনি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন এবং তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। শুক্রবার ছুটির দিন হলেও চিকিৎসকরা তাকে রাউন্ডে গিয়ে দেখেন। সে সময় রোগী নিজে অসুস্থ বোধ করার কথা জানিয়ে রাজশাহীতে স্থানান্তরের ইচ্ছা প্রকাশ করলে তাকে স্থানান্তর করা হয়।
প্রতিনিধি/এলএ