Dhaka Mail Logo

সারাদেশ

নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

নওগাঁর মহাদেবপুরে আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তরপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলতা বেগম ওই গ্রামের মৃত সবিজ উদ্দিনের মেয়ে এবং খাজুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১১ ও ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা দুবার পরাজিত হওয়ার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফেরেন। তবে প্রায় দুই বছর আগে স্বামীর আকস্মিক মৃত্যুর পর তার মানসিক অসুস্থতা আবার বৃদ্ধি পায়।

বৃহস্পতিবার রাতে শাশুড়ির সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন আলতা বেগম। শুক্রবার সকালে শাশুড়ি ডাকলে শরীর খারাপ লাগার কথা জানিয়ে তিনি আবার শুয়ে পড়েন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে চার্জারভ্যানে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগে তিনি প্রায়ই বিষণ্ণতায় থাকতেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু (ইউডি) মামলা শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এলএ