Dhaka Mail Logo

সারাদেশ

পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলাম (আশরাফ)-এর ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। একপর্যায়ে প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুজন পানিতে ডুবে যায়।

আরও পড়ুন

নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু

পরে স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/জেবি