Dhaka Mail Logo

সারাদেশ

চা পাতার আড়ালে খৈয়া গোখরা, আতঙ্কে চা-শ্রমিকেরা

জেলা প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে বিষধর খৈয়া গোখরা সাপের দেখা পেয়েছেন চা-শ্রমিকেরা। সাপটি দেখে আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান তারা। পরে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানে এ ঘটনা ঘটে।

চা বাগান সূত্রে জানা গেছে, সকালে ভুড়ভুড়িয়া চা বাগানের একটি এলাকায় কয়েকজন শ্রমিক চা পাতা তুলছিলেন। এ সময় হঠাৎ তারা একটি সাপ দেখতে পান। পরে সাপটি বিষধর বলে শনাক্ত হওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা চা পাতা তোলার কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান এবং বিষয়টি বাগান ব্যবস্থাপক সিদ্দিকুর রহমানকে জানান।

পরে বাগান কর্তৃপক্ষ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

উদ্ধারের পর সাপটি শনাক্ত করে তারা জানান, এটি খৈয়া গোখরা বা স্পেকট্যাকলড কোবরা (Spectacled cobra)। এটি বিষধর সাপ।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, বন ও চা-বাগান এলাকায় সাপসহ বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ স্বাভাবিক। তাই এমন প্রাণী দেখলে আতঙ্কিত হয়ে সেটিকে না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়াই নিরাপদ।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাপটি উদ্ধারের পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

প্রতিনিধি/এজে