জেলা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাঁধের স্পিলওয়ের ১৬ টি গেইট খুলে দেওয়া হয়েছে।
এতে করে বাঁধের ১৬টি স্পিলওয়ে দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলি নদীতে।
কর্ণফুলি পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে, বর্তমানে কাপ্তাই লেকে ১০৫ দশমিক ৪৯ ফুট এমএসএল পানি রয়েছে। বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও ১০৮ ফুট হলে বিপৎসীমা হিসেবে ধরা হয়।
কর্ণফুলি পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পুনরায় ১৬ টি স্পিলওয়ে গেইট দিয়ে ৬ ইঞ্চি উচ্চতায় পানি ছাড়া হয়েছে। পানির ইনফ্লো বেশি হলে স্পিলওয়ের গেইট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হতে পারে।
এর আগে, গত ২৯ আগস্ট কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার হয়। পরে ধাপে ধাপে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়। পরে ৬ সেপ্টেম্বর লেকের পানি কমে আসায় ১৬টি স্পিলওয়ে গেইট বন্ধ করা হয়।
প্রতিনিধি/ এজে