জেলা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ এএম
বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়াকে কেন্দ্র করে সুমন সিকদার (৩৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন সিকদার কালেরকাঠি গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।
নিহতের মা মনোয়ারা বেগম জানান, স্থানীয় রিগ্যান হাওলাদারের সঙ্গে তার ছেলে সুমনের পূর্ববিরোধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে তাদের মধ্যে তর্কাতর্কি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান, মনা তালুকদার, সুমন সিকদারসহ ৮ থেকে ১০ জন সুমনকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ করেন তিনি।
পরে সুমনের মৃত্যু হয়েছে মনে করে তাকে বাড়ির পাশের পুকুরে ফেলে রেখে হামলাকারীরা চলে যান বলে দাবি করেন নিহতের মা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে তানভীর সিকদার ও স্থানীয়দের দাবি, কিছুদিন আগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনা তালুকদার সুমনের ছোট মা মনি বেগমের সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে তাকে নিয়ে চলে যান। এ ঘটনা নিয়ে সুমনের সঙ্গে মনা তালুকদারের বিরোধ চলছিল। এছাড়া সুমনের স্ত্রী মুন আক্তারের সঙ্গে মনা তালুকদারের যোগাযোগ নিয়েও পারিবারিকভাবে বিরোধ চলছিল বলে স্বজনদের দাবি।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের প্রক্রিয়া চলছে।
তবে পরকীয়া সম্পর্কের অভিযোগসহ হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/ এজে