জেলা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ এএম
চট্টগ্রামে নিজ বাসাকে বিদেশি মদের গোডাউন বানিয়ে রেখেছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু শাকিল। ডিবির হানায় তিনি বাসা থেকে পালিয়ে গেলেও ধরা পড়েছে তার দুই সহযোগী ও উদ্ধার হয়েছে ৭০ বোতল বিদেশি মদ। মদকান্ডে জড়িয়ে খোয়ালেন ছাত্রদলের পদটিও।
গোপন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা নিজেই ক্রেতা সেজে মদ কিনতে গিয়ে ঘটিয়েছেন এ ঘটনা। পুলিশ জানিয়েছে, জব্দকৃত মদগুলোর বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সন্ধ্যায় বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকার বাসিন্দা নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় এ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল কৌশলে পালিয়ে যায়, তবে ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন শামসুল ইসলাম ও পুষ্পেন ব্যানার্জি নামে দুজন ব্যক্তি। তারা শাকিলের মদ ব্যবসার সাথে জড়িত।
এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, মাদক কারবারিরা মাদক কেনাবেচার জন্য দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পদ হারালেন শাকিল- মদ কাণ্ডে জড়িত থাকায় পদ খোয়ালেন শাকিল। নগর ছাত্রদলের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে ছাত্রদল। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন জানান, শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। সংগঠনের পক্ষ থেকেও পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে।
প্রতিনিধি/ এজে