জেলা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
মিয়ানমারে অবৈধভাবে ৭০০ বস্তা ইউরিয়া সার পাচারের সময় দুই পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তিনটি ট্রাকও জব্দ করা হয়।
বৃহস্পতিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, জব্দ ৭০০ বস্তায় মোট ৩৫ হাজার কেজি সার ছিল। যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ২৪ লাখ টাকা।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় বুধবার রাত ১টায় কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারী গোপন সংবাদে একটি বিশেষ অভিযান চালায়। এসময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক হতে কার্গো বোটে স্থানান্তরকালে প্রায় ২৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ৩টি ট্রাকসহ দুজন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রতিনিধি/এলএ