জেলা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম
কার্যক্রম নিষিদ্ধ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল করিম দুলালকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার উচাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেল পৌনে ৫টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বদরুল করিম দুলাল সদর উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাজিউড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সদর মডেল থানায় মামলা রয়েছে।
সম্প্রতি বদরুল করিম দুলাল আবারও এলাকায় এসে প্রকাশ্যে ঘোরাফেরা করেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে উচাইল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রতিনিধি/এলএ