Dhaka Mail Logo

সারাদেশ

ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৪৭ বাংলাদেশি

উপজেলা প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ও বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের হরিদাসপুর-পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

পেট্রাপোল-বেনাপোল শূন্যরেখায় আনুষ্ঠানিক হস্তান্তরের সময় ভারতের পক্ষে হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার এবং বাংলাদেশের পক্ষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ও ৪৯ বিজিবির আইসিপি কোম্পানি কমান্ডারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইমিগ্রেশন সূত্র জানায়, দেশে ফেরা ৪৭ বাংলাদেশি দীর্ঘদিন ধরে ভারতের তামিলনাড়ুর আত্তুর-সালেমের স্পেশাল ক্যাম্প এবং তিরুচিরাপল্লির (ট্রিচি) স্পেশাল ক্যাম্প/হোমে অবস্থান করছিলেন। বাংলাদেশি নাগরিকত্ব যাচাই শেষে তাদের দেশে ফেরানোর জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়।

নথি সূত্রে জানা গেছে, চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে গত ২৪ আগস্ট ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়, তামিলনাড়ুর বিভিন্ন বিশেষ ক্যাম্পে থাকা ৪৭ বাংলাদেশিকে ট্রেনে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

ঢাকার পক্ষ থেকে নাগরিকত্ব যাচাইয়ের পর সংশ্লিষ্টদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। প্রত্যাবাসন যোগ্য ৪৭ বাংলাদেশির নাম, পিতার নাম, বাংলাদেশের স্থায়ী ঠিকানা ও ট্রাভেল পারমিট নম্বরও ওই নথিতে সংযুক্ত ছিল।

ট্রাভেল পারমিটে প্রত্যেকের ছবি, নাম, পিতার নাম, জন্মতারিখ, জন্মস্থান, উচ্চতা, চোখ ও চুলের রংসহ বাংলাদেশি নাগরিকত্বের বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে সম্পন্ন হয় তাদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হরিদাসপুর-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর শূন্যরেখায় আনুষ্ঠানিক হস্তান্তর শেষে তাদের গ্রহণ করে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, কাগজপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে দেশে ফেরা নাগরিকদের সংশ্লিষ্ট পোর্ট থানায় পাঠানো হবে। পরে আইনগত আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোরের প্রতিনিধিরা তাদের গ্রহণ করবেন।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাস জানান, ভালো কাজ ও জীবিকার আশায় দালালের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে এসব বাংলাদেশি অবৈধপথে ভারতে যান। পরে পুলিশের হাতে আটক হয়ে স্থানীয় আদালতের মাধ্যমে সাজাভোগ করেন। সাজা শেষে তাদের তামিলনাড়ুর বিভিন্ন বিশেষ ক্যাম্প ও হোমে রাখা হয়। দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সমন্বয়ে পরবর্তীতে তাদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলানটিয়ার শফিকুল ইসলাম বলেন, দেশে ফেরা নাগরিকদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা বেনাপোলে পৌঁছালে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে পর্যন্ত তারা শেল্টার হোমে নিরাপদ হেফাজতে থাকবেন।

দেশে ফেরা ৪৭ বাংলাদেশির মধ্যে নড়াইল, কিশোরগঞ্জ, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, বরগুনা, গাইবান্ধা, নেত্রকোনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুর, নীলফামারী, পাবনা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ, মাগুরা, মাদারীপুর ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার নাগরিক রয়েছেন। তাদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই রয়েছেন।

দীর্ঘদিন পর প্রিয়জনদের দেশে ফেরার খবরে স্বজনদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আবেগ। এখন আইনি আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন এসব বাংলাদেশি।

প্রতিনিধি/ এজে