Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে শ্মশানঘাটে মাদক সেবন, ৪ যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় শ্মশানঘাটে মাদক সেবনের দায়ে চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের জেল-জরিমানা করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কালিয়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—কালিয়া উপজেলার হাড়িডাঙা গ্রামের মান্নান লস্করের ছেলে শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের লিকু সরদারের ছেলে ওলি সরদার (২৩), বাঁকা গ্রামের আফতাব উদ্দিন শিকদারের ছেলে বাহাউদ্দিন তিতাস শিকদার (৩৫) এবং কালিয়া পৌরসভার বড় কালিয়া গ্রামের বাচ্চু গাজীর ছেলে মাহাবুর গাজী (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে কালিয়া থানা পুলিশের একটি দল কালিয়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে ওই চার যুবককে আটক করা হয়। পরে বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলামকে জানানো হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদক সেবনের দায়ে চার যুবককে তিন মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড করেন।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক তাদের সাজা দেন।

প্রতিনিধি/  এজে