জেলা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
ঝালকাঠির রাজাপুরে ইয়াবা সেবনের দায়ে তিন তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাঁদের ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত তরুণেরা হলেন রাজাপুর সদর এলাকার সাজ্জাদ আহমেদ আকাশ (১৯), চটি খোলা এলাকার ছাবিদ ইসলাম সামি (২০) এবং উত্তর সাউদপুর এলাকার মহিউদ্দিন মারুফ (২০)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষে তিন তরুণকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও এর বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
প্রতিনিধি/এজে