Dhaka Mail Logo

সারাদেশ

বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় লঙ্কায় গেলেই হনুমান হবে: মামুনুল হক

জেলা প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

দেশে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন না হলে যে-ই ক্ষমতায় আসুক, একসময় স্বৈরশাসকে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শরীয়তপুর পৌরসভার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তার মধ্য দিয়ে লঙ্কায় গেলেই হনুমান হবে। যিনিই ক্ষমতায় যাবেন, ৫-১০ বছর পর তিনিই হাসিনায় পরিণত হবেন।

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

রাষ্ট্রপতির ক্ষমতা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, রাষ্ট্রপতি পদটি বর্তমানে কেবল আলঙ্কারিক বা ‘ঠুঁটো জগন্নাথ’ হিসেবে রয়েছে। জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী রাষ্ট্রপতির হাতে বাস্তবসম্মত কিছু প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে বের করে আনতে প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে। এর মাধ্যমে দলীয় প্রভাবমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। কোনো দলীয় বিচারপতি যাতে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারেন, সে ব্যবস্থা করতে হবে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে মামুনুল হক বলেন, সব রাজনৈতিক দল যদি এ দাবি থেকে পিছিয়ে যায়, তাহলে প্রয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিস একাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জনগণের দুয়ারে দুয়ারে যাবে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সুযোগ পাবে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমেদ ওসমানীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূর হোসাইন নূরানীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রতিনিধি/এলএ