Dhaka Mail Logo

সারাদেশ

সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ মাছ শিকার, ২ জেলে আটক

জেলা প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সময় তাঁদের কাছ থেকে মাছ ধরার জালসহ দুটি নৌকা জব্দ করা হয়। শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন ছাপড়াখালী অভয়ারণ্যের একটি খালে এ অভিযান চালানো হয়। 

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার হোসেন (৩০) ও আইয়ুব আলী (২৮)।

শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরীর দেওয়া তথ্যের ভিত্তিতে আমার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আহরণ নিষিদ্ধ অভয়ারণ্যের ছাপড়াখালী খালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করা হয়।

অভিযানে তাঁদের কাছ থেকে মাছ ধরার জালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে। পরে আটক দুই জেলেকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে