জেলা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম
ফেনী পৌর মৎস্য আড়তে ক্ষতিকর জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওজন বৃদ্ধি ও কৃত্রিমভাবে গ্রেড পরিবর্তনের অপরাধে তিনটি মৎস্য আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ফেনী সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ বাস্তবায়নে পৌর মৎস্য আড়তে পরিদর্শনে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে তিনটি আড়তে ক্ষতিকর জেলি পুশ করে অসদুপায়ে চিংড়ির ওজন বাড়ানো ও গ্রেড পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। আইনের ৩১ ধারা লঙ্ঘনের দায়ে বেলাল ফিশিং এ ৫৬ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা, আল্লাহর দান ফিশিং এ ২৪ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা, এরফান ফিশিং এর ২৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত মোট ১০৫ কেজি গলদা ও বাগদা চিংড়ি পরবর্তীতে জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তারা ব্যবসায়ীদের এ ধরনের অসাধু পন্থা থেকে বিরত থাকার তাগিদ দেন এবং কেমিক্যালযুক্ত মাছের স্বাস্থ্যঝুঁকি বিষয়ে উপস্থিত সকলকে সচেতন করেন।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিরাজুল ইসলাম, পরশুরাম উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে