Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

যশোর শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন ১,৬৮৪ শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনঃনিরীক্ষণের পর বোর্ডের অধীন ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য থাকা ৩৮০ জন নতুন করে উত্তীর্ণ হয়েছেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, পুনর্নিরীক্ষণের পর বিভিন্ন গ্রেডে পরিবর্তন এসেছে। এর মধ্যে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অনেক পরীক্ষার্থী উন্নত গ্রেড ও জিপিএ-৫ পেয়েছেন।

পুনর্নিরীক্ষণের আগে ‘F’ গ্রেড পাওয়া ৩৮০ জন পরীক্ষার্থী নতুন ফলাফলে উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ‘F’ থেকে ‘A’ গ্রেড পেয়েছেন ১ জন, ‘A-’ পেয়েছেন ৩ জন, ‘B’ পেয়েছেন ৩৩ জন, ‘C’ পেয়েছেন ১৯ জন এবং ‘D’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩২৪ জন।

আরও পড়ুন

চট্টগ্রামে পুনর্মূল্যায়নে প্রায় ৩ হাজার পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন

পুনর্নিরীক্ষণের পর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। আগে ‘A’ গ্রেড পাওয়া ৭৩১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া আগে ‘A-’ গ্রেড পাওয়া ১৯ জন এবং ‘B’ গ্রেড পাওয়া ২ জন পরীক্ষার্থীও জিপিএ-৫ অর্জন করেছেন।

এ ছাড়া ‘A-’ থেকে ‘A’ গ্রেডে উন্নীত হয়েছেন ৩০৮ জন। ‘B’ থেকে ‘A’ পেয়েছেন ১২ জন, ‘B’ থেকে ‘A-’ পেয়েছেন ১৫০ জন, ‘C’ থেকে ‘A’ পেয়েছেন ১ জন, ‘C’ থেকে ‘A-’ পেয়েছেন ১ জন এবং ‘C’ থেকে ‘B’ পেয়েছেন ৬৫ জন। অন্যদিকে, ‘D’ থেকে ‘A-’ পেয়েছেন ১ জন এবং ‘D’ থেকে ‘C’ পেয়েছেন ১৪ জন।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বলেন, পরীক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন পাওয়ার পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় উত্তরপত্রে নম্বর গণনা, নম্বর ওঠানো বা লিখনসংক্রান্ত কোনো ভুল থাকলে তা সংশোধন করা হয়। পরে সংশোধিত ফলাফল প্রস্তুত করে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোতেও সংশোধিত ফলাফল পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস