জেলা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ হাজার ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চিকিৎসাধীন ৫১ জন রোগীর মধ্যে ২৯ জন পুরুষ, ১৭ জন নারী ও ৫ জন শিশু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে নতুন করে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২৪ জন বাড়ি ফিরেছেন।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর বহির্বিভাগেও নিয়মিত ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বহির্বিভাগে ৭৭৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর কোনো রেকর্ড নেই। তবে রাজশাহীতে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পর এ সময়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মাহবুব হাসান বলেন, সম্প্রতি বৃষ্টিপাতের কারণে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য উপকরণও মজুত রয়েছে। কিছুটা চিকিৎসক সংকট থাকলেও রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চিকিৎসক সংকট থাকলেও ডেঙ্গু কর্নারের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর অভিযোগ, নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় মশার উপদ্রব বাড়ছে। তাদের দাবি, পৌর কর্তৃপক্ষের মশক নিধন কার্যক্রমও পর্যাপ্ত নয়।
পৌর কর্তৃপক্ষ ময়লা-আবর্জনা পড়ে থাকার বিষয়টি স্বীকার করলেও ডেঙ্গু মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে বলে দাবি করেছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন উর রশীদ বলেন, ডেঙ্গু মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস