Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে সাঁড়াশি অভিযান, ডাকাত-চোরচক্রের সদস্যসহ গ্রেফতার ২২

জেলা প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম

ফেনীতে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ডাকাত দলের সদস্য, আন্তঃজেলা চোরচক্রের সদস্য ও মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন অপরাধে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একযোগে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তিদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে ফেনী রেলওয়ে স্টেশনসংলগ্ন ব্রাহ্মণপুকুর পাড় ও ফেনী সরকারি কলেজের পেছনের সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন কুমিল্লার লাকসাম এলাকার মো. শুকুর ওরফে কানা শুক্কুর (২৬), ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার মো. আব্দুল মমিন (৪৬) এবং নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার কাউছার হোসেন আশিক (২৩)।

পুলিশের দাবি, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় নতুন করে একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন

৩০ বছরের অপেক্ষা, ভাসমান সেতুই ভরসা কৃষকদের

পৃথক অভিযানে চট্টগ্রাম থেকে গাজীপুরগামী একটি কাভার্ডভ্যান থেকে অ্যালুমিনিয়াম ওয়্যার চুরির ঘটনায় জাহাঙ্গীর আলম (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামি, তালিকাভুক্ত মাদক কারবারি ও মাদকসেবীদেরও গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালানো হয়েছে। ডাকাত দলের সদস্য ও চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ২২ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, জেলা থেকে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস