Dhaka Mail Logo

সারাদেশ

বরগুনায় আখরোট খেয়ে সাত ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম

বরগুনার আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে সপ্তম শ্রেণির সাত ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

অভিভাবক ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রাতে সপ্তম শ্রেণির কোচিং চলাকালে আবির (১৩) নামের এক ছাত্র তার সাত সহপাঠীকে আখরোট খেতে দেয়। খাওয়ার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি, শ্বাসকষ্ট ও খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়। পরে উপস্থিত অভিভাবক ও সহপাঠীরা দ্রুত তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অসুস্থ শিক্ষার্থীরা হলো এলমা (১৩), সামিয়া (১৩), মিম (১৩), ফাতেমা (১৩), তানিয়া (১৩), উর্মি (১৩) ও মরিয়ম (১৩)। তারা সবাই একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন

সুন্দরবনের পর্যটনকেন্দ্রে বাঘের হানা, ওয়াচ টাওয়ারে বনরক্ষীদের আশ্রয়

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিক্ষার্থীকে বারবার বমি করতে দেখা যায়। চিকিৎসকেরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেন।

শিক্ষার্থী ফাতেমার বাবা আবুল হোসেন বলেন, মেয়ের অসুস্থতার ঘটনায় তারা উদ্বিগ্ন। কী কারণে এমন হয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার।

এলমার বাবা রিয়াজ পেদা উদ্দীন বলেন, ‘মেয়েকে স্কুলে পড়াশোনা করতে দিয়েছি। সেখানে এমন ঘটনা ঘটবে, তা কখনো আশা করিনি।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান নান্নু বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আবির নামের এক শিক্ষার্থী আখরোট খেতে দিয়েছে বলে শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভেন্দু রায় শুভ বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে আসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। কী কারণে তারা অসুস্থ হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে।

প্রতিনিধি/এসএস