জেলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জলাশয়ের কচুরিপানার মধ্য থেকে অজ্ঞাত এক কিশোরের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর পশ্চিমপাড়া এলাকার মুন্সিবাড়ি সংলগ্ন একটি জলাশয়ের কচুরিপানার মধ্য থেকে কিশোরের লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ বেলা ২টার দিকে এলাকার লোকজন জলাশয়ের পাশ দিয়ে চলাচলের সময় পঁচা দুর্গন্ধ পান। পরে তারা দুর্গন্ধের উৎস খুঁচতে গিয়ে কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভেসে রয়েছে দেখতে পান। বিষয়টি তারা পুলিশকে জানান। পরে সিংগাইর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশটি পচে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, কিশোরের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এটি হত্যা নাকি দুর্ঘটনা-তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এজে