Dhaka Mail Logo

সারাদেশ

কিশোরগঞ্জে বিকেল পর্যন্ত কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ

জেলা প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি কমে যাওয়ায় কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে জেলার সব কোচিং সেন্টার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না শিক্ষার্থীরা। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। 

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। 

2

সভায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে কমে যাওয়া উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। 

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না। পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সভা পরিচালনা করেন সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার এন এম বদরুজ্জামান তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জয়নুল আলম তালুকদার।

সংশ্লিষ্টরা মনে করছেন, কোচিংয়ে নিরুৎসাহিত করা এবং বিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার বন্ধের এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা ও শ্রেণিকক্ষে মনযোগ বাড়াতে সহায়তা করবে।

প্রতিনিধি/এএইচ