Dhaka Mail Logo

সারাদেশ

অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষ, পথচারী প্রতিবন্ধী নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

বরিশালের উজিরপুরে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়ক পারাপারের সময় এক অজ্ঞাত পরিচয় প্রতিবন্ধী নারী (৩৫) মারা গেছেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শিকারপুর ব্রিজ ও ইচলাদী টোল ঘরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-শ-১৩-০১৮৬) সঙ্গে কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন ডিলাক্স পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩১৪) সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মহাসড়ক পারাপাররত ওই নারী বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান। মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। 

পুলিশ জানিয়েছে, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও সেভেন ডিলাক্স বাসটি আটক করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন বলেন, মৃত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

প্রতিনিধি/এলএ