Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত শিশুর সংখ্যা দাঁড়ালো ৭২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ২২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি মেয়ে। তার বয়স ১০ মাস। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। শিশুটি হাম ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৯৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩ হাজার ৯৮৩ শিশু। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ৮১৮ শিশু।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে অনেকেরই হাম প্রতিরোধের টিকা নেওয়া হয়নি। আবার অনেক শিশুর টিকা নেওয়ার বয়সও হয়নি। ফলে এসব শিশুর মধ্যে হাম সংক্রমণের ঝুঁকি বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। আক্রান্ত শিশুর হাঁচি-কাশি ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দ্রুত অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। এ কারণে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে।

এছাড়া অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে হাম আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এবং আক্রান্ত হলে জটিলতা তৈরির আশঙ্কাও বেশি থাকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রতিনিধি/এলএ