Dhaka Mail Logo

সারাদেশ

বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু

জেলা প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

কুকুরের মাধ্যমে ছড়ানো জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা কুকুরকে এ টিকার আওতায় আনা হবে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট পৌরসভা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। 

এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ও ডগ এক্সপার্ট টিমের সদস্য সায়মনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

পৌর কর্তৃপক্ষ জানায়, শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় বেওয়ারিশ কুকুরের পাশাপাশি গৃহপালিত কুকুরকেও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হবে।

2 

এ কার্যক্রম বাস্তবায়নে ফেনীর ‘ডগ এক্সপার্ট টিম’-এর সদস্যদের সঙ্গে চুক্তি করেছে বাগেরহাট পৌরসভা। সংশ্লিষ্ট টিম পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা কুকুরকে শনাক্ত করে টিকা দেওয়ার কাজ করবে।

পৌর কর্তৃপক্ষের আশা, ব্যাপকভাবে কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা গেলে কুকুরের কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে এ প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। একইসঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে বাগেরহাটের ২৫০ শয্যা হাসপাতালে গত তিন মাসে অন্তত ৭ হাজার ৫০০ মানুষ জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন। 

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া এ তথ্য থেকে জেলায় কুকুরের কামড়ের পর জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেওয়ার ব্যাপক প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে। 

সংশ্লিষ্টরা বলছেন, কুকুরকে টিকাদানের পাশাপাশি কুকুরের কামড়ের শিকার ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিশ্চিত করা জরুরি। সমন্বিতভাবে এসব পদক্ষেপ নেওয়া গেলে জলাতঙ্কের ঝুঁকি কমানো সম্ভব হবে।

প্রতিনিধি/এএইচ