জেলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ওজন পরিমাপক যন্ত্রে রশি বেঁধে কারচুপি করায় এক ইলিশ মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজারের মাছের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালানো হয়েছে। অভিযানে দেখা যায়, আপেল মাহমুদ নামে এক ইলিশ মাছ বিক্রেতা তার কাছে থাকা ওজন পরিমাপক যন্ত্রটিতে বিশেষ ব্যবস্থায় কারচুপির মাধ্যমে ক্রেতাদের অলক্ষ্যে অত্যন্ত কৌশলে ওজনে কম দিচ্ছিলেন।
ইফতেখারুল আলম রিজভী বলেন, ওজন পরিমাপক যন্ত্রের ভেতর মেশিনের সঙ্গে একটি রাবার ও রশি দিয়ে সংযুক্ত করে অপরপ্রান্তে গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে থাকত। এ অবস্থায় বিক্রেতা রশিটি টানা ও ঢিলে করার মাধ্যমে খুব সহজে ইচ্ছামত ওজন নিয়ন্ত্রণ করত।
তিনি আরও জানান, মাছ বিক্রেতা আপেল মাহমুদ তার দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি ভবিষ্যতে এ রকম কারচুপি করবেন না বলে অঙ্গীকার করেছেন।
প্রতিনিধি/এএইচ