জেলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
বরিশালের উজিরপুরে পুকুরের পানিতে ডুবে আসওয়াদ খান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নারকেলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসওয়াদ ওই গ্রামের পলাশ খানের ছেলে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বুধবার দুপুরে বাড়ির আশপাশে খেলছিল আসওয়াদ। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বলে ধারণা এলাকাবাসীর। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রাও পুকুরসহ বিভিন্ন স্থানে খোঁজ করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির সন্ধান পান স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জানতে উজিরপুর মডেল থানার ওসি রফিকুল ইসলামকে কল দিলে তিনি তা রিসিভ করেননি।
প্রতিনিধি/ এজে