Dhaka Mail Logo

সারাদেশ

ইতালিতে বাঁধনের ওপর হামলার পর অভিযুক্তের গ্রামের বাড়িতে তালা

জেলা প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

ইতালির ভেনিসে অভিনেত্রী ও জুলাইযোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মনিরুল হাওলাদারের মাদারীপুরের গ্রামের বাড়িতে তালা ঝুলছে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

মনিরুল মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসিকান্দি গ্রামের মৃত শাজাহান হাওলাদারের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের হাত ধরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন এবং পরে ইউনিয়ন ছাত্রলীগের নেতা হন।

efd55d6f-cb39-4113-9e52-2c5e96b2b24f

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ধুরাইল আদর্শ বিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করতেন। ২০২২ সালে দশম শ্রেণির মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি তার। পরে পড়াশোনা ছেড়ে দেড় বছর আগে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি যান বলে স্থানীয়রা জানান।

সম্প্রতি ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনায় মনিরুলের নাম আসে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আলোচিত জুলাইযোদ্ধা আয়াস লোকজন নিয়ে মাদারীপুরে মনিরুলের বাড়িতে হামলার চেষ্টা করেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর আতঙ্কে মনিরুলের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে যান।

1a691bd7-f376-43b2-8dda-b63648bcb4d3

স্থানীয় এক চা বিক্রেতা বলেন, “মনির এলাকায় আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করত। সাবেক এমপি শাজাহান খান ও তার ছেলে আসিব খানের সঙ্গে তার বেশ সখ্যতা ছিল। ইতালি গিয়ে এমন কর্মকাণ্ড করবে, সেটা আমাদের বোধগম্য নয়।”

60f4f806-fec8-4285-b759-6dc6e39efe4b

শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, “বিদেশে গিয়ে মাদারীপুরের মানসম্মান ডুবিয়েছে মনির। তার বিচার হওয়া উচিত। মনিরের এমন কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারছি না।”

ধুরাইল আদর্শ বিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল চন্দ্র শিকদার বলেন, “মনিরুল হাওলাদার টেস্ট পরীক্ষায় ফেল করার পর আর এখানে লেখাপড়া করেনি। পরে জানতে পারি, দালালের মাধ্যমে বিদেশ চলে গেছে।”

8e7a3cc9-e49e-4e9a-970a-190320452411

ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “পাঁচ ভাইবোনের মধ্যে মনিরুল সবার ছোট। তার এমন কর্মকাণ্ড মেনে নেওয়ার মতো নয়। মনিরের বাড়িতে হামলার আশঙ্কায় পুলিশের সমন্বয়ে পরিস্থিতি মোকাবিলা করা হয়। ঢাকা থেকে আসা জুলাইযোদ্ধাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে সবকিছু শান্ত রয়েছে।”

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। কোনো অবস্থাতেই অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।

প্রতিনিধি/এসএস