Dhaka Mail Logo

সারাদেশ

হাইকোর্টে স্থগিত, পরদিনই বাতিল মাদরাসার অধ্যক্ষের পুনঃনিয়োগ

জেলা প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এম. এ. বারী হাওলাদারের এক বছরের চুক্তিভিত্তিক পুনঃনিয়োগের কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করার পর তা বাতিল করেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে পুনঃনিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়।

এর আগে, ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় এম. এ. বারী হাওলাদারকে ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য চুক্তিভিত্তিক অধ্যক্ষ পদে পুনঃনিয়োগ দেয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর পুনঃনিয়োগ বাতিলের দাবিতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ, মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেন।

পুনঃনিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. শহিদুল ইসলাম হাইকোর্টে রিট করেন। রিট পিটিশন নম্বর ১২৭৬২/২০২৬।

a5e346ff-1ff8-48ac-96c4-281745653ac5

রিটের শুনানি শেষে ৭ সেপ্টেম্বর বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস. এম. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিবাদীদের প্রতি রুল জারি করেন এবং পুনঃনিয়োগ আদেশের কার্যকারিতা স্থগিত করেন। বিষয়টি নিশ্চিত করেন রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।

এর পরদিনই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পুনঃনিয়োগ বাতিলের আদেশ জারি করে।

তবে পুনঃনিয়োগের পক্ষে মাওলানা এম. এ. বারী হাওলাদারের বক্তব্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এক বছরের জন্য অধ্যক্ষ পদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছিল। কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে পুনঃনিয়োগের বিরোধিতা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এখন মাদরাসাটির অধ্যক্ষ পদে পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

প্রতিনিধি/এসএস