জেলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম
নেত্রকোনার মদনে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে মো. আলাই মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মো. ইয়াছিন মিয়ার (২০) বিরুদ্ধে। এ ঘটনায় ইয়াছিনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মদন উপজেলার আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আলাই মিয়া ওই গ্রামের মৃত কুন্ডু মিয়ার ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে তিনি দুই দিন ধরে খাবারও খাচ্ছিলেন না। বুধবার সকাল সাতটার দিকে আলাই মিয়া ছেলেকে খাবার খেতে ডাকেন। এ সময় ইয়াছিনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার তর্ক হয়। একপর্যায়ে বাবা তাকে ধমক দিলে ইয়াছিন ঘরে থাকা সবজি কাটার দা দিয়ে আলাই মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ইয়াছিনকে আটক করে পুলিশে খবর দেন। গুরুতর আহত আলাই মিয়াকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মদন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াছিনকে হেফাজতে নেয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, ইয়াছিন মানসিক সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তাকে মানসিক রোগের চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াছিন মিয়াকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা ইয়াছিনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
প্রতিনিধি/এসএস