জেলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া সাতটার দিকে উপজেলার তুলারামপুর পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া সাতটার দিকে তুলারামপুর এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এতে মরদেহটি খণ্ডিত হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল।
স্থানীয় লোকজনের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে নড়াইল সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
প্রতিনিধি/এসএস