Dhaka Mail Logo

সারাদেশ

সিলেটে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ এএম

সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিম বিসিক শিল্প এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনকে সহায়তা করে সিলেট মহানগর পুলিশ ও নিরাপদ খাদ্য অধিদফতর।

অভিযানে প্রাণ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ময়মনসিংহ এগ্রো লিমিটেড এবং রায়নগর এলাকার নিউ মর্ডান সুরমা বেকারিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

বিকেল ৫টার দিকে বিসিক শিল্প এলাকায় ময়মনসিংহ এগ্রো লিমিটেডে অভিযান চালিয়ে খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এমন বিভিন্ন অসঙ্গতি দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। সেখানে ফুড গ্রেড ব্রাশের পরিবর্তে সাধারণ পেইন্টিং ব্রাশ ব্যবহার এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত ধাতব যন্ত্রপাতিতে মরিচা ধরা অবস্থায় পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে সন্ধ্যা ৭টার দিকে রায়নগর এলাকার নিউ মর্ডান সুরমা বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশ, ময়লা ও মরিচাযুক্ত প্লেট ও যন্ত্রাংশ পাওয়া যায়। এ ছাড়া খাদ্য তৈরিতে পচা ও ভাঙা ডিম ব্যবহার এবং ঢাকনাবিহীন ডাস্টবিনের পাশে খোলা খাবার রাখার প্রমাণ পাওয়া যায়।

অভিযানে আরও দেখা যায়, ওই দিন তৈরি খাবারে দুই দিন পরের উৎপাদনের তারিখ বসিয়ে বাজারজাত করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এসব অনিয়মের দায়ে বেকারিটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস