জেলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম
নেত্রকোনায় সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাদিয়া আক্তার (২২) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা-পুলিশ।
সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কুড়পাড় এলাকার কয়েকজনকে বর্তমান সরকারের কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে সাদিয়ার বিরুদ্ধে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা সাদিয়াকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে নেত্রকোনা এনসিপির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি অবগত নন। তবে কেউ এ ধরনের অপরাধ করে থাকলে এর দায় সংগঠন নেবে না; এটি ওই ব্যক্তির ব্যক্তিগত দায়।
তিনি আরও বলেন, সাদিয়া আক্তার সত্যিই এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং তা নেওয়া হবে।
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তারা জানতে পেরেছেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস