জেলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
রংপুরের কাউনিয়ায় শরীর ম্যাসাজের কথা বলে কক্ষে ডেকে এক আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেছেন।
অভিযুক্ত শিক্ষক আজিজুল হাকিম (২৪) রংপুরের বদরগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া নাটারাম এলাকার রবিউল ইসলামের ছেলে। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক শিক্ষার্থীরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এ সময় আজিজুল হাকিম শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে এক শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নেন। একপর্যায়ে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয়ভীতিও দেখানো হয় বলে অভিযোগ।
এরপর সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ওই শিক্ষার্থীকে আবারও কক্ষে ডেকে বলাৎকারের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ সময় টয়লেটে যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হয়ে বাড়িতে চলে যায় সে। পরে বাবা-মাকে বিষয়টি জানায়।
পরিবারের সদস্যরা ওই রাতেই মাদরাসা কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। তবে অভিভাবকদের অভিযোগ, মঙ্গলবার সকালে সালিস করার কথা বলে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ সময় মাদরাসা পরিচালকের ছেলের জিম্মায় অভিযুক্ত শিক্ষককে রেখে অন্য শিক্ষকেরা ক্লাসে চলে যান। এই সুযোগে সালিসের আগে তাকে গোপনে সরিয়ে দেওয়া হয়।
মাদরাসা পরিচালকের ছেলে রায়হান বলেন, সকালে সবার অগোচরে ওই শিক্ষক পালিয়ে গেছেন। তাকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগ অস্বীকার করেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, আজিজুল হাকিম প্রায়ই রাতে তাকে কক্ষে ডেকে শরীর ম্যাসাজের নামে ‘খারাপ কাজ’ করতে বলতেন। এতে রাজি না হলে বাঁশের লাঠি, রড ও পাইপ দিয়ে মারধর করা হতো বলেও অভিযোগ করেছে সে। সোমবার রাতেও একইভাবে কক্ষে ডেকে নেওয়া হলে টয়লেটে যাওয়ার কথা বলে সেখান থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। এর আগেও ওই শিক্ষক তার সঙ্গে এমন আচরণ করেছেন বলে দাবি করেছে শিক্ষার্থীটি।
ঘটনাটি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন বলেন, মঙ্গলবার ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মাদরাসাশিক্ষক আজিজুল হাকিমের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/এসএস