Dhaka Mail Logo

সারাদেশ

মেহেরপুরে যৌথ অভিযানে প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম সেলের যৌথ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা সেজে ত্রাণের টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়া এবং টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ডিজিটাল প্রতারণায় জড়িত ব্যক্তিরা রয়েছেন।

ডিবি ও সাইবার ক্রাইম সেলের ইনচার্জ প্রদীপ কুমার সানার নেতৃত্বে ৫ থেকে ৭ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়া সেনা কর্মকর্তা সেজে ত্রাণের টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের চকরিয়ার তালিপ (২০) ও পেকুয়ার জয়নালকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। মুঠোফোনে ক্যাপ্টেন, ব্রিগেডিয়ার ও কর্নেল পরিচয় দিয়ে ত্রাণের টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তালিপকে চকরিয়া ও জয়নালকে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।

crime

শাহজালাল ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় কক্সবাজারের রামুর বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ কাওছার (২৭) ও কক্সবাজার সদরের মিরুয়ানকে (২৫) তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

টেলিগ্রামের মাধ্যমে প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ীর আবুল কালামকে (৬৭) তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অপর একটি টেলিগ্রাম প্রতারণার মামলায় কক্সবাজারের টেকনাফের নুরুল আবছার (৩৩) ও কুমিল্লার দাউদকান্দির ইসমাইল মীরকে (২৪) গ্রেফতার করা হয়েছে। তাদের একজনকে কক্সবাজার শহর ও অন্যজনকে দাউদকান্দির একটি নির্মাণাধীন কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে আসামিদের কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণ ও আলামত জব্দ করা হয়েছে। গ্রেফতার সাতজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম সেলের ইনচার্জ প্রদীপ কুমার সানা।

প্রতিনিধি/এসএস