জেলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ এএম
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একটি মালামাল রাখার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে একটি হার্ডওয়্যার দোকান, একটি খাবার হোটেল ও একটি চায়ের দোকান। এ ছাড়া মালামাল রাখার একটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, চায়ের দোকান ও খাবার হোটেলে দুটি গ্যাস সিলিন্ডার থাকায় আগুন ছড়িয়ে পড়ার পর বাজারে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে জাজিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী আলী আহাম্মদ খান বলেন, ‘হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিই। ততক্ষণে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়েছিল। আমরাও আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় কাছে গিয়ে পানি দেওয়া সম্ভব হচ্ছিল না।’
ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার দোকানের মালিক মান্নান মাদবর বলেন, ‘আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে। আমার আর কিছু নেই। এই ক্ষতি কীভাবে পোষাব?’
আরেক প্রত্যক্ষদর্শী তামিম ফকির বলেন, নড়িয়ার দিকে যাওয়ার সময় তিনি বাজারে আগুন দেখতে পান। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বাজারের অন্য দোকানগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রতিনিধি/এসএস