জেলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ এএম
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী আলহাজ্ব মো. মনোয়ার হোসেন চৌধুরী আর নেই।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
মনোয়ার হোসেনের জন্ম গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একপর্যায়ে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকৌশলী হিসেবে কর্মজীবন শেষে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে নিজ এলাকা গোবিন্দগঞ্জের মানুষের প্রতিনিধিত্বের সুযোগ পান।
মনোয়ার হোসেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবারও গাইবান্ধা-৪ আসনে জয়লাভ করেন।
প্রতিনিধি/এমআর