Dhaka Mail Logo

সারাদেশ

কোটচাঁদপুরে ভুয়া এনএসআই পরিচয়ে যুবক আটক

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর কর্মকর্তা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুরে মো. রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কুশনা ইউনিয়নের তালসার বাজার এলাকা থেকে স্থানীয় তালসার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন। রাকিবুল ইসলাম উপজেলার শালকোপা গ্রামের মো. মহসীন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল দীর্ঘদিন ধরে নিজেকে এনএসআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তালসার বাজারসহ আশপাশের এলাকায় বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। তার চলাফেরা ও আচরণ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। মঙ্গলবার তালসার বাজার এলাকায় তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং পরবর্তীতে কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করে।

তালসার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. তবিবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় সচেতন জনতা ভুয়া এনএসআই পরিচয়দানকারী রাকিবুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পরে তাকে কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাকিবুলের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না এবং ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি কারও কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা নিয়েছেন কি না— এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তার কাছ থেকে কোনো ভুয়া পরিচয়পত্র বা অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে।

ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/ এজে