Dhaka Mail Logo

সারাদেশ

সিলেটে যানজট নিরসনে কঠোর হচ্ছে পুলিশ

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

সিলেট মহানগরীতে যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সড়কে শৃঙ্খলা ফেরাতে অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও সকল প্রকার অবৈধ যানবাহনের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগর পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় ট্রাফিক বিভাগের সদস্যরা তাদের মাঠপর্যায়ের নানা সীমাবদ্ধতা ও সমস্যার কথা তুলে ধরলে কমিশনার তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান দেন এবং বাকিগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। বিশেষ করে প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় অবৈধ থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে যানবাহন নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কার্যক্রমে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখায় ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার ১৬ জন সদস্যকে বিশেষ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়সহ ট্রাফিক বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তারা।

প্রতিনিধি/এএইচ